বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সময় দেশ-বিদেশ থেকে মিলিত সহযোগিতা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশবাসীর সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।
আজ মঙ্গলবার সকাল ১১টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।
স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বন্ধুগণের উদ্বেগ ও বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়া আমাদের গভীরভাবে স্পর্শ করছে।”
তিনি আরও বলেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা।”
গুরুতর অসুস্থ খালেদা জিয়া এখন আইসিইউতে
গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক সমস্যা মিলিয়ে তাঁর চিকিৎসা আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।
গত কয়েক দিন ধরে অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাঁকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। এরপর গত রোববার রাতের পর তাঁর অবস্থা আরও খারাপ হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টের অংশ ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
